KothaPBX ব্যবহার শুরু করার মানে আপনি নিচের শর্তগুলোতে রাজি হয়েছেন। এখানে "আমরা" বলতে KothaPBX, আর "আপনি" বলতে অ্যাকাউন্টধারী ব্যবসা বা ব্যক্তি বোঝানো হয়েছে।
১. আমরা কী সেবা দিই
তিন ধরনের সেবা, আপনি যেটা নেবেন সেটাই প্রযোজ্য:
- ক্লাউড ফোন সিস্টেম (IP-PBX) — এক্সটেনশন, IVR মেনু, কল কিউ, কল রেকর্ডিং ও রিপোর্ট। এখানে কল যায় আপনার নিজের IPTSP নম্বর দিয়ে; আমরা সফটওয়্যারটি দিই, টেলিকম সংযোগ নয়।
- SMS — আমাদের নিবন্ধিত পথে আপনার গ্রাহকদের বার্তা পাঠানো।
- ভয়েস SMS — আমাদের নিজস্ব নম্বর থেকে রেকর্ড করা বার্তা শোনানো।
২. অ্যাকাউন্ট ও আপনার দায়িত্ব
- অ্যাকাউন্টের পাসওয়ার্ড ও এক্সটেনশনের SIP পাসওয়ার্ড আপনার হেফাজতে। ওগুলো দিয়ে করা যেকোনো কল বা বার্তার দায় আপনার।
- আপনার দেওয়া তথ্য সঠিক হতে হবে। ভুল বা অন্যের পরিচয়ে খোলা অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে।
- SIP পাসওয়ার্ড ফাঁস হলে আপনার নম্বর দিয়ে অন্য কেউ কল করতে পারে — সন্দেহ হলে সঙ্গে সঙ্গে বদলান এবং আমাদের জানান।
নিজের IPTSP সংযোগ
ফোন সিস্টেমের ক্ষেত্রে IPTSP প্রতিষ্ঠানের সাথে চুক্তি, বিল ও নিয়ম মানার দায়িত্ব আপনার। তারা সংযোগ বন্ধ করলে, IP পরিবর্তনের কারণে রেজিস্ট্রেশন আটকে দিলে বা কল রাউটিংয়ে সমস্যা করলে সেটি তাদের সেবার বিষয় — আমরা সহায়তা করব, কিন্তু তার দায় নিতে পারি না।
৩. যা করা সম্পূর্ণ নিষিদ্ধ
নিচের যেকোনো একটি করলে কোনো নোটিশ ছাড়াই অ্যাকাউন্ট বন্ধ করা হবে:
- অবৈধ কল টার্মিনেশন — বিদেশ থেকে আসা কল দেশীয় কল সাজিয়ে পাঠানো (VoIP বাইপাস)। বাংলাদেশে এটি ফৌজদারি অপরাধ। এমন কিছুর আভাস পেলে আমরা সেবা বন্ধ করে কর্তৃপক্ষকে জানাতে বাধ্য।
- অনুমতি ছাড়া কেনা বা সংগ্রহ করা নম্বরের তালিকায় বার্তা বা কল পাঠানো।
- প্রতারণা, ভুয়া অফার, জুয়া, বা কাউকে ভয় দেখানো/হয়রানি করার বার্তা।
- অন্য কোনো প্রতিষ্ঠানের নাম বা ব্র্যান্ড সেজে বার্তা পাঠানো।
- দেশের প্রচলিত আইন বা BTRC-র নির্দেশনার পরিপন্থী যেকোনো ব্যবহার।
প্রচারমূলক কল ও বার্তার সময়
ভয়েস ক্যাম্পেইন ডিফল্টভাবে সকাল ৯টা থেকে রাত ৯টার মধ্যে চলে, এবং এর বাইরে গেলে নিজে থেকেই থেমে যায়। এটি ইচ্ছাকৃত — রাতের বেলা প্রচারমূলক কল গ্রাহকের কাছে বিরক্তি, আর আপনার ব্যবসার জন্য ক্ষতি।
৪. প্রেরকের নাম (Sender ID)
- ব্র্যান্ড নামে (masking) বার্তা পাঠাতে হলে অপারেটরের অনুমোদন লাগে। আমরা আবেদন করাই, কিন্তু অনুমোদন দেওয়া বা না দেওয়া অপারেটরের সিদ্ধান্ত — আমাদের নয়।
- যে নামের উপর আপনার বৈধ অধিকার নেই, সেটি চাইলে আবেদন বাতিল করা হবে।
- অনুমোদন না হওয়া পর্যন্ত সেই নামে কোনো বার্তা যাবে না।
৫. টাকা ও ব্যালেন্স
- ফোন সিস্টেমের জন্য মাসিক সাবস্ক্রিপশন; সময় শেষ হলে সেবা বন্ধ হয়ে যায়, তবে আপনার তথ্য থেকে যায়।
- SMS ও ভয়েস SMS-এর জন্য আগাম ব্যালেন্স — যতটা ব্যবহার করবেন ততটাই কাটা হবে।
- SMS-এর দাম প্রতি অংশ (part) হিসেবে। বাংলা লেখায় এক অংশে ৭০ অক্ষর ধরে (ইংরেজিতে ১৬০), তাই বাংলা বার্তার খরচ বেশি। পাঠানোর আগেই স্ক্রিনে খরচ দেখানো হয়।
- ভয়েস SMS-এ শুধু ধরা কলের টাকা কাটা হয়। কেউ না ধরলে কোনো খরচ নেই।
- ব্যালেন্স যোগের অনুরোধ যাচাই করে অনুমোদন করা হয়। যাচাই না হওয়া পর্যন্ত টাকা ব্যালেন্সে যোগ হয় না।
ফেরত সংক্রান্ত বিস্তারিত ফেরত নীতিতে দেখুন।
৬. সেবার প্রাপ্যতা
আমরা সেবা চালু রাখতে সর্বোচ্চ চেষ্টা করি, তবে শতভাগ নিরবচ্ছিন্ন সেবার নিশ্চয়তা দিই না। রক্ষণাবেক্ষণ, ইন্টারনেট বা বিদ্যুৎ বিভ্রাট, IPTSP বা SMS সরবরাহকারীর সমস্যা, কিংবা আমাদের নিয়ন্ত্রণের বাইরের কারণে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। পরিকল্পিত রক্ষণাবেক্ষণ আগে জানিয়ে করার চেষ্টা করা হয়।
দীর্ঘ বিভ্রাটে ক্ষতিপূরণ হিসেবে আমরা সাবস্ক্রিপশনের মেয়াদ বাড়িয়ে দিতে পারি। ব্যবসায়িক লোকসান, হারানো বিক্রি বা পরোক্ষ ক্ষতির দায় আমরা নিই না।
৭. আপনার তথ্য
আপনার কন্টাক্ট তালিকা, রেকর্ডিং ও কলের ইতিহাস আপনার সম্পত্তি। আমরা সেবা চালানো ছাড়া অন্য কোনো কাজে সেগুলো ব্যবহার করি না, কাউকে বিক্রি করি না। বিস্তারিত প্রাইভেসি নীতিতে।
৮. সেবা বন্ধ বা স্থগিত
- আপনি যেকোনো সময় ব্যবহার বন্ধ করতে পারেন। চলতি মাসের ফি ফেরতযোগ্য নয়।
- ধারা ৩ ভাঙলে, বা বকেয়া থাকলে আমরা সেবা স্থগিত বা বন্ধ করতে পারি।
- অ্যাকাউন্ট বন্ধের পর ৩০ দিন পর্যন্ত আপনার তথ্য রাখা হয়, যাতে ফিরে এলে সব ফিরে পান। এরপর মুছে ফেলা হতে পারে।
৯. শর্ত পরিবর্তন
সেবা বদলালে শর্তও বদলাতে পারে। গুরুত্বপূর্ণ পরিবর্তন হলে ইমেইলে বা প্যানেলে জানানো হবে। পরিবর্তনের পর ব্যবহার চালিয়ে গেলে ধরে নেওয়া হবে আপনি নতুন শর্তে রাজি।
১০. প্রতিষ্ঠানের তথ্য
- ট্রেড লাইসেন্স নম্বর: 2025008825019808152
১১. আইন ও নিষ্পত্তি
এই শর্তাবলী বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত। কোনো বিরোধ হলে আমরা আগে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করব; না হলে বাংলাদেশের উপযুক্ত আদালতে নিষ্পত্তি হবে।
প্রশ্ন থাকলে
এই নীতি নিয়ে কিছু জানার থাকলে যোগাযোগ করুন।